ঢাকায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

আজ সোমবার দুপুর পর্যন্ত রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে। তবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একইসঙ্গে বাতাসে স্বাভাবিক প্রবাহ বেড়ে ৪০-৫০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সোমবার (১৯ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা এবং আশপাশের এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, রাজধানীর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একি আয়াথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাসের সম্ভাবনা রয়েছে। মাঝে মধ্যে এই বাতাসের গতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়ে ঝড়ো হাওয়ায় রূপ নিতে পারে। ফলে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়-বৃষ্টি সম্ভাবনা রয়েছে।পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৮৯ শতাংশ। আর গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এদিকে ভারী বৃষ্টিপাত নিয়ে সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানায়, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে রোববার (১৮ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৮ মি.মি./২৪ ঘণ্টার বেশি) বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়। রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

Read Previous

প্রোস্টেটক্যান্সারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

Read Next

২৭ ধরনের ব্যবসায় ডিজিটাল ভ্যাট চালান বাধ্যতামূলক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular