
পর্যটন সংবাদ ডেস্ক: আসন্ন পর্যটন মৌসুমকে সামনে রেখে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া তিন দিনের বর্ণাঢ্য আয়োজন ‘১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০২৫’ আজ (শনিবার, ২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শেষ হচ্ছে।
মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও ইয়াসমিন, ফিলিপাইনের প্রতিনিধি এবং বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত।
উপচে পড়া ভিড়
মেলার প্রথম দিন থেকেই দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শুক্রবার ছুটির দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলায় ছিল উপচে পড়া ভিড়।
অংশগ্রহণ ও আয়োজন
পর্যটন বিচিত্রার আয়োজনে এবারের ফেয়ারে বাংলাদেশ ছাড়াও পার্টনার কান্ট্রি ফিলিপাইন, মালদ্বীপ ও নেপালের বিভিন্ন পর্যটন সংস্থা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
দুইটি হলে বসানো হয়েছে ১৮০টি বুথ, যেখানে এয়ারলাইন্স, হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা ভ্রমণপিপাসুদের জন্য দিচ্ছে আকর্ষণীয় ছাড় ও বিশেষ প্যাকেজ।
এই মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রাইম পার্টনার কান্ট্রি নেপাল, পার্টনার কান্ট্রি ফিলিপাইন ও মালদ্বীপ। হোস্ট কান্ট্রি হিসেবে থাকছে বাংলাদেশ।
আকর্ষণ ও বিশেষ আয়োজন
- শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- বিজনেস-টু-বিজনেস (বিটুবি) সেশন
- ডেস্টিনেশন ও প্রোডাক্ট প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সাংস্কৃতিক অনুষ্ঠান (বাংলাদেশ ও ফিলিপাইনের আয়োজনে)
- বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেজ
মেলায় প্রবেশমূল্য ৩০ টাকা। তবে অনলাইন রেজিস্ট্রেশন করলে প্রবেশ একেবারেই ফ্রি। প্রবেশ কুপনের বিপরীতে র্যাফেল ড্রতে এয়ারলাইন্স টিকিটসহ আকর্ষণীয় ভ্রমণ ভাউচার থাকছে দর্শনার্থীদের জন্য।
মেলার তাৎপর্য
পর্যটন বিচিত্রার সম্পাদক ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল বলেন, “বাংলাদেশের পর্যটনশিল্পকে গতিশীল করতে এ ধরনের ফেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবছরের মতো এবারও দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের ব্যাপক সাড়া পেয়েছি।”
আয়োজকরা আশা করছেন, এই ফেয়ার নতুনভাবে পর্যটকদের ভ্রমণ-উদ্দীপনা জাগিয়ে তুলবে এবং আসন্ন মৌসুমে দেশের সব পর্যটন গন্তব্য ভ্রমণপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে।



