
ফাইল ছবি
পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বাতিল করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এর ফলে নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের পথে আর কোনো বাধা রইল না।
সোমবার দুপুরে হাইকোর্ট একটি রিট আবেদনের শুনানি নিয়ে ৩০ অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিত করে। তবে আধা ঘণ্টার মধ্যেই চেম্বার জজ আদালত সেই স্থগিতাদেশ স্থগিত করে দেন। ফলে প্রচারণা, প্রস্তুতি ও অন্যান্য কার্যক্রম চলতে পারবে স্বাভাবিক নিয়মে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী শিশির মনির সংবাদ সম্মেলনে বলেন, “আমরা মঙ্গলবার দ্রুত সিএমপি পিটিশন ফাইল করব। গুরুত্ব বিবেচনায় এ বিষয়ে দ্রুত শুনানি ও নিষ্পত্তি হবে বলে আশা করছি।”
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, যাদের মধ্যে নারী প্রার্থী আছেন ৬২ জন। অন্যদিকে, ১৮টি হলে ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৩৫ জন প্রার্থী।



