
পর্যটন সংবাদ ডেস্ক : চীনের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে আগামী মাস থেকেই তাদের রপ্তানি করা সব ধরনের পণ্যে অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন।
ট্রাম্প দাবি করেন, চীন বিরল জ্বালানি রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে বৈশ্বিক বাজারকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি হুমকি। তার ভাষায়, “চীন এখন অর্থনৈতিকভাবে শত্রুতাপূর্ণ আচরণ করছে।”
শুল্ক ঘোষণার পাশাপাশি তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক নিয়েও স্পষ্ট কোনো সিদ্ধান্ত নেই। ট্রাম্প বলেন, বৈঠক এখনো বাতিল হয়নি, তবে সেটি হবে কিনা তিনি নিশ্চিত নন।
এই ঘোষণার প্রভাব দ্রুতই পড়েছে মার্কিন অর্থবাজারে। ওয়াল স্ট্রিটে বড় ধরনের পতন দেখা যায় এবং প্রধান শেয়ারসূচক ২ দশমিক ৭ শতাংশ কমে লেনদেন শেষ করে, যা এপ্রিলের পর বাজারের সবচেয়ে বড় ধস হিসেবে গণ্য হচ্ছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই শুল্ক সিদ্ধান্ত বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা নতুন মাত্রা পাবে, যা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক অর্থনীতিতেও অস্থিরতা ছড়িয়ে দিতে পারে।
এমন পরিস্থিতিতে এখন নজর সবার—ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক আদৌ অনুষ্ঠিত হয় কি না, আর হলেও সেখানে কোনো সমঝোতার পথ তৈরি হয় কি না—সেদিকেই।



