
পর্যটন সংবাদ ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে একটি টার্গেট স্টোরে ভয়াবহ গুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে শহরের রিসার্চ বুলেভার্ড এলাকায় এই ঘটনা ঘটে।
অস্টিন পুলিশ জানায়, ৩২ বছর বয়সী এক ব্যক্তি প্রথমে টার্গেট স্টোরের পার্কিং লট থেকে একটি গাড়ি ছিনতাই করে পালান। কিছু দূরে গিয়ে গাড়িটি দুর্ঘটনায় পড়লে তিনি কাছের একটি গাড়ির শোরুম থেকে আরেকটি গাড়ি ছিনতাই করেন। পরে শহরের দক্ষিণাঞ্চলে গাড়ি ছেড়ে পায়ে হেঁটে পালানোর সময় পুলিশ টেজার ব্যবহার করে তাকে আটক করে।
নিহতদের মধ্যে একজন সেই ব্যক্তি, যার গাড়ি প্রথমে ছিনতাই করে হামলাকারী পালিয়েছিলেন। পুলিশ এখনো হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত তথ্য দেয়নি।
প্রাথমিকভাবে অস্টিন-ট্রাভিস কাউন্টি ইএমএস চারজন আহত হওয়ার কথা জানালেও পরে সংশোধন করে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায় তদন্ত চলছে।



