টানা বর্ষণে বিপজ্জনক পরিস্থিতি, দেবতাখুমে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

বান্দরবানে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল ও ভূমিধসের আশঙ্কায় জেলার রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুমে ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন

বুধবার (১৮ জুন) থেকে আগামী ২৫ জুন পর্যন্ত আট দিনের জন্য এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, টানা ভারী বৃষ্টিপাতে নদী, ছড়া ও ঝিরিতে পানির প্রবাহ বিপজ্জনকভাবে বেড়েছে। একইসঙ্গে পাহাড় ধসের আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে দেবতাখুমের মতো দুর্গম এলাকাগুলোতে পর্যটকদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

জননিরাপত্তা এবং পর্যটকদের জীবনের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। পাশাপাশি বলা হয়, আবহাওয়া পরিস্থিতি উন্নতির পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

প্রসঙ্গত, বান্দরবানের অন্যতম আকর্ষণীয় ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পর্যটন স্পট দেবতাখুম দীর্ঘদিন ধরে সন্ত্রাসী তৎপরতার কারণে বন্ধ ছিল। সর্বশেষ চলতি বছরের ১০ ফেব্রুয়ারি থেকে পুনরায় এটি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। তবে এবার প্রাকৃতিক দুর্যোগের কারণে আবারও সেখানে ভ্রমণে বিরত থাকতে বলা হয়েছে পর্যটকদের।

উপজেলা প্রশাসন সকল পর্যটককে এই নিষেধাজ্ঞা মানতে এবং যেকোনো ধরনের ঝুঁকিপূর্ণ ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

Read Previous

অবশেষে অস্কার! টম ক্রুজের ৪ দশকের ক্যারিয়ারে প্রথম সম্মানসূচক অস্কার

Read Next

জাফলংয়ে ৬৭টি অবৈধ স্টোন ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল প্রশাসন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular