টাকা নিয়ে গেলেও দরজা খোলেননি রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠের খেলা নিয়ে যতো আলোচনা, এর চেয়েও অনেক বেশি আলোচনা ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে। যার কেন্দ্রবিন্দুতে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক না পেয়ে চট্টগ্রাম পর্বে একদিন অনুশীলন বয়কট করেন দলটির ক্রিকেটাররা। দিয়ে রাখেন ম্যাচ বয়কটের হুমকি। কিছুদিন পরে এসে সেটা হয়েও গেল।

পারিশ্রমিক না পাওয়ায় গতকাল রোববার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ ম্যাচ খেলতে রাজি হননি দলটির বিদেশি ক্রিকেটাররা। মাঠে আসেননি, এমনকি টাকা নিয়ে গিয়ে কড়া নাড়লেও দরজা খোলেননি রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা।

রংপুর রাইডার্সের বিপক্ষে ২ রানের রোমাঞ্চকর জয়ের পর সংবাদ সম্মেলনে এটা জানান রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ।

অভিজ্ঞ এই পেসার বলেন, ‘আসলে দেখুন, সত্যি বলতে আজকে দিনের শুরু থেকেই অনেক নাটক দেখেছি আমরা, সব ক্রিকেটাররাই। পরে শেষের দিকে আমি যতোটুকু শুনেছি যে, টিম ম্যানেজমেন্ট থেকে টাকা নিয়েও বিদেশি ক্রিকেটারদের রুমে নক করেছে। কেউ দরজা খোলেনি। শেষ সময়ে আমরা স্থানীয় ক্রিকেটাররাই ছিলাম।’

তিনি আরও বলেন, ম্যানেজার নাকি পয়সা নিয়েও নক করেছে। ওরা দরজা খোলেইনি। ওরা হয়তো ভেবেছে যে, এমনিই অনুরোধ করতে এসেছে। আমি গিয়েছিলাম ওদের কাছে। ওরা বলেছে, “দেখো, টাকা না পেলে আমরা যাব না।” আমি বলেছি, “ঠিক আছে, তোমাদের সিদ্ধান্ত।” আমি আর কী বলব, আমিও তো একজন ক্রিকেটার!

দেশি ক্রিকেটাররাও রংপুরের বিপক্ষে ম্যাচটি খেলতে চাননি। শেষ বেলায় পারিশ্রমিকের চেক দিয়ে তাদেরকে মাঠে আনে রাজশাহী। কিন্তু পারিশ্রমিক না পাওয়া বিদেশি ক্রিকেটারদের রাজি করাতে পারেনি তারা। এতে বাধে বিপত্তি, কারণ বিপিএলের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন দুজন বিদেশি ক্রিকেটারকে একাদশে নিতেই হবে। উপায় না দেখে বিসিবির কাছে আবেদন করলে বিশেষ ব্যবস্থায় ম্যাচ খেলার অনুমতি পায় রাজশাহী। দেশি ক্রিকেটারদের নিয়ে গড়া একাদশ নিয়ে খেলে দলটি।

রংপুরের বিপক্ষে ম্যাচ খেলতে ৪টা ৫০ মিনিটের দিকে মিরপুর স্টেডিয়ামে পৌঁছায় রাজশাহীর টিম বাস। এই বাসে বিদেশি কোনো ক্রিকেটার আসেননি। এর আগে থেকেই বিদেশি ক্রিকেটারদের মানানোর চেষ্টা করে আসছিলো রাজশাহী কর্তৃপক্ষ। কিন্তু ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়া মোহাম্মদ হারিস, রায়ান বার্ল, মিগুয়েল কামিন্সহ বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়া পর্যন্ত না খেলার সিদ্ধান্তে অটল থাকেন। সন্ধ্যা ৬টার দিকে দেশি ক্রিকেটার নিয়ে খেলতে রাজশাহীকে সবুজ সঙ্কেত দেয় বিসিবি।

Read Previous

আজ পবিত্র শবে মেরাজ

Read Next

দুই শতাধিক সুবিধাবঞ্চিত ও এতিম শিশু নিয়ে দূর্বার ফাউন্ডেশনের কক্সবাজার ভ্রমণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular