
পর্যটন সংবাদ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে কেমিক্যালের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন ফায়ার ফাইটারসহ চারজনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
রোববার (২৮ সেপ্টেম্বর) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডে জীবন বাঁচাতে গিয়ে আমাদের সাহসী ফায়ার ফাইটাররা প্রাণ হারিয়েছেন। এটি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং দায়িত্ব পালনের সময় তারা কত বড় ঝুঁকি নেন, সেটিই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিস দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ও সাহসী বাহিনী। নিজেদের জীবন বাজি রেখে তারা মানুষের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করেন। আজকের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরো বলেন, নিহতরা নিছক প্রাণ হারাননি, তারা জাতির জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। দেশের প্রতিটি মানুষ তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এই শোকাবহ ক্ষতি পূরণ হওয়ার নয়, তবে তাদের দৃষ্টান্ত আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার পথে।
উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর বিকেলে টঙ্গী বিসিক এলাকার সাহারা মার্কেটের একটি কেমিক্যালের গুদামে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার নুরুল হুদা, ফায়ার ফাইটার মো. শামীম ও দোকান কর্মচারী বাবু হাওলাদার দগ্ধ হয়ে মারা যান।



