১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মন্তব্যে বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ

পর্যটন সংবাদ ডেস্ক: জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকজ নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় দপ্তর।

রোববার (২৪ আগস্ট) এ নোটিশ পাঠানো হয়। এতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।

চিঠিতে অভিযোগ করা হয়, ফজলুর রহমান ধারাবাহিকভাবে গণঅভ্যুত্থান ও আত্মদানকারী শহীদদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আসছেন, যা দলের আদর্শ ও আন্দোলনের চেতনার পরিপন্থি। এ ধরনের বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং দলের সুনাম ক্ষুণ্ণ করছে বলেও উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বিএনপির চার শতাধিক নেতাকর্মীসহ প্রায় দেড় হাজার মানুষ শহীদ হন, আহত হন ত্রিশ হাজারেরও বেশি। এই আত্মত্যাগের প্রতি ফজলুর রহমানের মন্তব্য অপমানজনক ও অমর্যাদাকর বলে দল মনে করছে।

এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ফজলুর রহমান জানান, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নোটিশ হাতে পাননি। সাংবাদিকদের কাছ থেকেই বিষয়টি প্রথম শুনেছেন। নোটিশ হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেবেন বলেও জানান তিনি।

চিঠিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত জবাব বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

Read Previous

ইউক্রেনের স্বাধীনতা দিবসে জেলেনস্কির অঙ্গীকার: লড়াই চলবে

Read Next

যাত্রাবাড়ী হত্যাকাণ্ড মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular