
পর্যটন সংবাদ ডেস্ক: ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত হয়েছে দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানমালা। সকাল থেকেই পুরো এলাকা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়।
অনুষ্ঠানস্থলে প্রবেশের ক্ষেত্রে আগত দর্শনার্থীদের একাধিক স্তরের তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের পাশাপাশি, সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা, যাতে অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।
আয়োজকরা জানিয়েছেন, দিনব্যাপী এই আয়োজনে থাকছে নানান সাংস্কৃতিক আয়োজন, বিশেষ ড্রোন শো এবং সন্ধ্যায় ঘোষণাপত্র পাঠ। বেলা ১১টা থেকে শুরু হবে দেশীয় শিল্পীগোষ্ঠীদের সংগীত পরিবেশনা। বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন, যা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
সন্ধ্যা সাড়ে ৭টায় হবে চোখধাঁধানো ড্রোন শো এবং রাত ৮টায় পরিবেশনায় অংশ নেবে জনপ্রিয় ব্যান্ডদল। সাংস্কৃতিক আবহ, জাতীয় রাজনৈতিক চেতনা ও প্রযুক্তিনির্ভর প্রদর্শনীর অপূর্ব সংমিশ্রণ ঘটবে এই আয়োজনজুড়ে।
এই ব্যতিক্রমী অনুষ্ঠান পর্যটকদের জন্যও এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। অনেকেই ঢাকার বাইরে থেকেও এসেছেন এই অনুষ্ঠান উপভোগ করতে। আয়োজনটি শুধু রাজনৈতিক আবহ নয়, বরং নতুন প্রজন্মের কাছে ইতিহাস, সংস্কৃতি ও প্রযুক্তির এক আধুনিক সংযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।



