১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু

পর্যটন সংবাদ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ প্রতীক্ষিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টায় সিনেট হলে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা কার্যক্রম শুরু করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

প্রায় ৩৩ বছর পর গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে একযোগে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোট দিয়েছেন ৮ হাজার ৩ জন, যা মোট ভোটের প্রায় ৬৮ শতাংশ।

ভোটের আগের রাতে বিতর্ক ছড়িয়ে পড়ে ভোট গণনার মেশিনকে ঘিরে। বাম সংগঠন ও ছাত্রদল অভিযোগ তোলে, মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক একজন জামায়াত নেতা। পরে কমিশন ও প্রশাসন হাতে হাতে ভোট গণনার সিদ্ধান্ত নেয়।

ভোটের দিন দুপুরের পর থেকেই অস্থিরতা দেখা দেয়। বিকেল সাড়ে তিনটায় ছাত্রদল নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। সন্ধ্যায় বাম সমর্থিত আরও চারটি প্যানেলও একই সিদ্ধান্ত নেয়। ফলে আটটি প্যানেলের মধ্যে পাঁচটির ৬৮ জন প্রার্থী সরে দাঁড়ান। তবু বাকি তিন প্যানেলের ১১১ জন প্রার্থী শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেন।

নির্বাচনে মোট ২৫টি কেন্দ্রীয় পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন লড়ছেন। পাশাপাশি হল সংসদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪৫ জন প্রার্থী।

বৃহস্পতিবার রাতেই ভোট গণনা শুরু হলেও নানা জটিলতায় ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশে দেরি হয়। অবশেষে শনিবার বিকেল থেকে সিনেট হলে সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

Read Previous

জাকসু নির্বাচন: ভিপিতে জিতু, জিএসে এগিয়ে মাজহারুল

Read Next

জাবিতে জাকসু ও হল সংসদ নির্বাচনের বিজয়ীদের তালিকা প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular