১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ পানি কনভেনশনে বাংলাদেশের যোগদান: আঞ্চলিক পানি সহযোগিতায় নতুন দিগন্ত

ফাইল ছবি

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ সম্প্রতি জাতিসংঘের ‘পানি কনভেনশনে’ আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়ে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। ২০ জুন ২০২৫ তারিখে বাংলাদেশ জাতিসংঘের “দি কনভেনশন অন দ্যা প্রোটেকশন অ্যান্ড ইউজ অব ট্রান্সবাউন্ডারি ওয়াটারকোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেকস”—সংক্ষেপে ‘ইউএন ওয়াটার কনভেনশন’–এ যোগ দেয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক প্রধান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ পদক্ষেপকে “বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন” বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি এবং পানির চাহিদা বৃদ্ধির ফলে আন্তঃসীমান্ত সহযোগিতা এখন সময়ের দাবি। জাতিসংঘ পানি কনভেনশনে যুক্ত হওয়া অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর পানি নীতিমালা তৈরিতে আমাদের সহায়তা করবে।”

বাংলাদেশের মতো একটি ডেল্টা রাষ্ট্রে গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা (জিবিএম) নদী অববাহিকাসহ ৫৭টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। এ প্রেক্ষাপটে নিরাপদ পানি সরবরাহ, পরিবেশগত ভারসাম্য এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য যৌথ নদী ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। উপদেষ্টা জানান, গঙ্গা পানি চুক্তি, বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন, নেপাল, চীন ও ভূটানের সঙ্গে বিদ্যমান সহযোগিতামূলক কাঠামো আমাদের এই উদ্যোগকে আরও শক্তিশালী করবে।

জাতিসংঘ ইউরোপীয় অর্থনৈতিক কমিশনের (ইউএনইসিই) নির্বাহী সচিব তাতিয়ানা মলসিয়ান বাংলাদেশের এই সংযুক্তিকে “দক্ষিণ এশিয়ার জন্য তাৎপর্যপূর্ণ অগ্রগতি” হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “আঞ্চলিক পানি ব্যবস্থাপনায় এটি একটি কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ।”

এই কনভেনশন ভূ-উপরিস্থ এবং ভূগর্ভস্থ আন্তঃসীমান্ত পানিসম্পদ ব্যবস্থাপনায় একটি আন্তর্জাতিক মানসম্পন্ন আইনি কাঠামো সরবরাহ করে। ২০১২ সাল থেকেই বাংলাদেশ এ প্রক্রিয়ার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং ২০২৪ সালে স্লোভেনিয়ায় অনুষ্ঠিত এর ১০ম বৈঠকে অংশগ্রহণ করে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ কনভেনশনে অন্যান্য রাষ্ট্রকেও যোগ দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে কনভেনশনের সেক্রেটারি সোনিয়া কোয়েপেল বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশকেও এর আওতায় আসার অনুরোধ করেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আগামী ২০২৬ সালের ২ থেকে ৪ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় জাতিসংঘ পানি কনফারেন্সে অংশগ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় জাতিসংঘের পূর্ণ সহায়তার আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন।

Read Previous

কুয়াকাটা সৈকত বিপর্যয়ের মুখে, জরুরি স্থায়ী উদ্যোগ দাবি স্থানীয়দের

Read Next

বর্ষার লোভাছড়া ভ্রমণ: পাহাড়, বৃষ্টি আর নদীর প্রেমে ভেসে যাওয়া এক দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular