
পর্যটন সংবাদ ডেস্ক: জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নয় দিনের সফর শেষে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এর আগে স্থানীয় সময় ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ১০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ঢাকা অভিমুখে যাত্রা করেন তিনি। সেখানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম তাকে বিদায় জানান।
গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা। সফরে তার সঙ্গে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ড. ইউনূস মার্কিন বিশেষ দূত সার্জিও গোরসহ একাধিক কূটনীতিকের সঙ্গে বৈঠক করেন। বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করে সমবেদনা জানান তিনি।
জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত “সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি” শীর্ষক এক উচ্চপর্যায়ের ইভেন্টে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি সাধারণ পরিষদের মূল অধিবেশনে তিনি ভাষণ দেন। সফরকালে বিশ্বের ১১টি দেশের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
বাংলাদেশের চলমান গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সফরকালে সংহতি প্রকাশ করেন। এছাড়া আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
নিউইয়র্কে অনুষ্ঠিত “মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি” বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনেও বক্তব্য রাখেন তিনি।



