চার বিভাগকে প্রদেশ করার প্রস্তাব

পুরোনো চার বিভাগের সীমানাকে চারটি প্রদেশে ভাগ করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালুর সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। ক্ষমতার প্রত্যর্পণ বিবেচনায় দেশে বিশাল জনসংখ্যার পরিষেবা ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করার লক্ষ্যে এ প্রস্তাব করেছে তারা।

এ ছাড়া ঢাকা মহানগরের জনসংখ্যা ও পরিষেবার ব্যাপ্তির কথা বিবেচনায় নিয়ে নয়াদিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ‘ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট’ অর্থাৎ ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের সুপারিশও করেছে কমিশন।

গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সুপারিশসহ জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন তুলে দেন কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী।

একই দিন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনও হস্তান্তর করা হয়। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে দুই কমিশনের কিছু কিছু সুপারিশ নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। এর পর প্রতিবেদনের সারসংক্ষেপও সাংবাদিকদের দেওয়া হয়।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়, জনসংখ্যা বেড়ে যাওয়ায় এবং সরকারের কার্যপরিধি সুবিস্তৃত হওয়ার ফলে বর্তমান প্রশাসনিক ও স্থানীয় সরকার কাঠামো যথেষ্ট বলে প্রতীয়মান নয়। অন্যদিকে, এককেন্দ্রিক ব্যবস্থায় মন্ত্রণালয় পর্যায়ে খুঁটিনাটি বহু কাজ করা হয়। প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করা গেলে এককেন্দ্রিক সরকারের পক্ষে ক্ষমতা কেন্দ্রীভূত করার সুযোগ কমবে। পাশাপাশি রাজধানী ঢাকা নগরের ওপরও কমবে চাপ।

‘রাজধানী মহানগর সরকার’ গঠনের ব্যাপারে কমিশনের সুপারিশে বলা হয়েছে, অন্যান্য প্রদেশের মতোই এখানে নির্বাচিত আইনসভা ও স্থানীয় সরকার থাকবে। কমিশন বলেছে, ঢাকা মহানগরী, টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার ও নারায়ণগঞ্জকে নিয়ে রাজধানী মহানগর সরকারের আয়তন নির্ধারণ করা যেতে পারে।

Read Previous

সুন্দরবন ভ্রমণে শেষ সময়ে বাড়ছে ভিড়

Read Next

‘পুরো কাশ্মীর পাকিস্তানের অংশ হবে’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular