
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদ্যাপনের জন্য তৈরি করা দুটি মোটিফ আগুনে পুড়ে ছাই। এর মধ্যে ছিল একটি ফ্যাসিবাদের মুখাকৃতি ও আরেকটি শান্তির পায়রা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ভোর পৌনে পাঁচটা থেকে পাঁচটার মধ্যে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ তখন দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন। তখনই হয়তো এ কাজ করা হয়েছে।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, ভোরে আগুন লেগে এমনটি হয়েছে। দুটি মোটিফ পুড়ে ছাই হয়ে যাওয়ার বিষয়টি তিনিও জানান।
আজ শনিবার (১২ এপ্রিল) সকালে চারুকলা অনুষদে সরেজমিনে এমনটি দেখা যায়। অনুষদের যেখানে মোটিফ তৈরির কাজ চলছিল, সেখানে আগুন লেগেছে এবং দুটি মটিফ পুড়ে গেছে বলে জানা যায়। আগুনে দানবীয় ফ্যাসিবাদী মুখাকৃতির মোটিফটি পুরোপুরি পুড়ে গেছে। শান্তির পায়রা মোটিফটিও আংশিক পুড়ে গেছে।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিপাদ্য বিষয় ঠিক করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারকার প্রধান মোটিফ ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’। ২০ফুট উচ্চতার এই মোটিফে বাঁশ ও বেত দিয়ে হিংস্র দাঁতাল মুখের এক নারীর মুখাবয়ব বানানো হয়েছিল। মাথায় ছিল খাড়া চারটি শিং,এবং হাঁ করা মুখ, বিশালাকৃতির নাক ও ভয়ার্ত দুটি চোখ। এটিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করা হচ্ছিল।



