পর্যটন সংবাদ ডেস্ক: লোকসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন আর নেই। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। স্বামী ও চার সন্তানকে রেখে বিদায় নিলেন এই বরেণ্য শিল্পী।
দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। নিয়মিত ডায়ালাইসিস করতে হতো তাঁকে। গত ২ সেপ্টেম্বর ডায়ালাইসিসের জন্য হাসপাতালে নেওয়া হলে শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। একপর্যায়ে ভেন্টিলেশনে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।
১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্মগ্রহণ করেন ফরিদা পারভীন। মাত্র ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে পেশাদার সংগীতজীবন শুরু করেন তিনি। লোকসংগীতের প্রতি তার টান আসে পারিবারিক সূত্রে—বাবা গান ভালোবাসতেন, দাদিও গান করতেন। বাবার চাকরির কারণে ছোটবেলায় নানা জেলায় ঘুরতে হলেও গানকে সঙ্গী করেই জীবন গড়েন তিনি।
পঞ্চাশ বছরের বেশি সময় ধরে গান গেয়ে দেশ-বিদেশে বাংলা লোকসংগীতকে পৌঁছে দিয়েছেন নতুন উচ্চতায়। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সংগীতচর্চায় নিবেদিত থেকেছেন ফরিদা পারভীন।



