
পর্যটন সংবাদ ডেস্ক: গাজায় চলমান মানবিক সংকট ও রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে এবার সরব হলো বিশ্বের ২৫টি পশ্চিমা দেশ। যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ এই দেশগুলো এক যৌথ বিবৃতিতে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।
সোমবার (২১ জুলাই) প্রকাশিত বিবৃতিতে দেশগুলো বলেছে, গাজায় ফোঁটা ফোঁটা ত্রাণ সরবরাহের যে চিত্র বিশ্ব দেখছে, তা মর্মান্তিক এবং অমানবিক। তারা আরও জানায়, সম্প্রতি একটি খাদ্য বিতরণ কেন্দ্রের আশপাশে শত শত নিরীহ ফিলিস্তিনির হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে বলা হয়েছে, “৮০০ জনেরও বেশি বেসামরিক মানুষ সাহায্য চাইতে গিয়ে প্রাণ হারিয়েছেন— এটি ভয়ংকর এবং অবিলম্বে এর অবসান প্রয়োজন।” অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমর্থনে পরিচালিত এই সংস্থাটি আগে থেকেই সমালোচিত ছিল।
মানবিক সহায়তা নিশ্চিত করতে ইসরাইলের ওপর চাপ বাড়াতে পশ্চিমা বিশ্ব এবার আরও সক্রিয় হয়েছে। ইউরোপের প্রায় ২০টি দেশের পাশাপাশি কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও যুদ্ধবিরতির আহ্বানে যুক্ত হয়েছে। এই দেশগুলোর অনেকেই ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র।
তবে এই বিবৃতিকে নাকচ করে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “এই বক্তব্য বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং এটি হামাসকে ভুল বার্তা দেবে।”
এ বিষয়ে ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেন, “এই বিবৃতি হতাশাজনক এবং একতরফা। ইসরাইলকে দোষারোপ করা যুক্তিহীন, কারণ হামাসই যুদ্ধবিরতির প্রতিটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।”
গাজা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মতপার্থক্য বাড়ছে। তবে মানবিক বিপর্যয় নিরসনে বিশ্বের শক্তিধর দেশগুলোর এমন সম্মিলিত উদ্যোগ শান্তির পথ খুলে দিতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।



