বাংলাদেশ থেকে বিদেশগামী ভ্রমণকারী ও আগ্রহী অভিবাসী কর্মীরা ক্রমবর্ধমান ভিসা সমস্যার মুখোমুখি হচ্ছেন। বেশ কিছু দেশ অনানুষ্ঠানিকভাবে ‘ভিসা বিধিনিষেধ’ আরোপ করেছে।
ট্যুর অপারেটরদের মতে, কিছু দেশে বাংলাদেশিদের অতিরিক্ত সময় অবস্থানের অভিযোগ তুলে ভিসা প্রক্রিয়ায় সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।
এ পরিস্থিতি চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণকারী পর্যটকদের জন্য জটিলতা তৈরি করেছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও ওমানের মতো দেশগুলোতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগও কমে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটর ফোরাম (বিওটিওএফ)-এর তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর থেকে এ সংকটের কারণে তাদের বিক্রি ৬০ শতাংশ কমে গেছে। এতে এ খাতের প্রায় ৪২,০০০ কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ট্যুর অপারেটরদের দাবি, বাংলাদেশি পর্যটকদের জন্য অন্যতম প্রধান গন্তব্য ভারতে গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভিসা প্রক্রিয়ায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
গত এক মাস থেকে এক বছর ধরে অন্তত ১০টি দেশ বাংলাদেশি ভ্রমণ, চিকিৎসা ও ব্যবসায়িক ভিসাপ্রার্থীদের জন্য একই ধরনের বিধিনিষেধ আরোপ করেছে। তবে শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, নেপাল, মালয়েশিয়া ও ভুটানে ভিসা প্রক্রিয়া তুলনামূলক সহজ রয়েছে বলে ট্যুর অপারেটররা জানিয়েছেন।
বিওটিওএফ-এর তথ্য অনুসারে, প্রতি বছর প্রায় ৪০,০০০-৪৫,০০০ বাংলাদেশি অবসর সময় কাটানোর উদ্দেশ্যে বিমানে বিদেশ ভ্রমণ করেন।



