
চাঁদপুরে ধিরে ধিরে কমতে শুরু করেছে ইলিশের দাম। ইলিশের বাজারে জোগান বৃদ্ধি পাওয়ায় মাছের দাম কমছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আজ চাঁদপুর বড় স্টেশনের মাছঘাটে ঘুরে এ তথ্য পাওয়া গেছে। বাজারের চাঁদপুর ফিসারিজের সত্ত্বাধিকারী মাসুদ রানা বলেন, বৃষ্টি শুরু হওয়ার পর থেকে নদীতে ইলিশ ধরা পড়ছে।

তাই বাজারে ভালোই মাছ আসছে। চার দিন আগে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের মাছের দাম ছিল কেজিপ্রতি ৪ হাজার টাকা। আজ (গতকাল) ওই মাছ ৩ হাজার ৫০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। একইভাবে ৩ হাজার টাকা কেজির মাছ ২ হাজার ৩০০ টাকা, এলসি সাইজের মাছ ১ হাজার ৮৫০ টাকা, আধা কেজি ওজনের মাছ ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
বড় স্টেশন মাছঘাটের আনোয়ার তালুকদার বলেন, ‘আর দুই মাস পর ইলিশের মৌসুম শুরু হবে। তখন মাছের আমদানি আরও বাড়বে এবং দাম কমবে। গতকাল এ বাজারে প্রায় ৬০ মণ মাছ বিক্রি হয়েছে। ’
এই ঘাটে ইলিশ ছাড়াও আরো বিভিন্ন প্রজাতির দেশি নদীর মাছ বিক্রি হয় যা অনেক সুস্বাদু।



