
পর্যটন সংবাদ ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছেন তদন্ত সংস্থা।
সোমবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে দুপুরে সিআইডির একটি দল তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রোববার রাতে সিআইডি বরিশাল থেকে আফ্রিদিকে গ্রেপ্তার করে। এর আগে ১৭ আগস্ট গুলশান থেকে তার বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়। তিনিও বর্তমানে একই মামলায় রিমান্ডে রয়েছেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে মারা যান আন্দোলনকারী মো. আসাদুল হক বাবু। এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। তালিকায় নাসির উদ্দিন সাথী ২২ নম্বরে এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি।



