
পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় পর্যটন নগরী কক্সবাজারের আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটলো এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। উড্ডয়নের আগমুহূর্তে রানওয়েতে ঢুকে পড়া একটি কুকুরের সঙ্গে ধাক্কা খায় ঢাকাগামী একটি যাত্রীবাহী উড়োজাহাজ। এ ঘটনায় ফ্লাইটটি এক ঘণ্টারও বেশি সময় বিলম্বিত হয়।
ঘটনাটি ঘটেছে শনিবার (২ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে। এয়ার এস্ট্রা নামক একটি বেসরকারি উড়োজাহাজে তখন ৭২ জন যাত্রী ছিলেন। রানওয়ের দিকে যাওয়ার সময় হঠাৎ একটি কুকুরের সঙ্গে উড়োজাহাজটির ধাক্কা লাগে। এতে প্রাণ হারায় কুকুরটি এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে কেউ আহত হননি।
ঘটনার পরপরই পাইলট দ্রুত উড়োজাহাজটি থামিয়ে দেন এবং নিরাপত্তা দল ও ফায়ার সার্ভিসের সহায়তায় মৃত কুকুরটি সরিয়ে ফেলা হয়। এরপর প্রায় এক ঘণ্টার অনুসন্ধান ও যান্ত্রিক পরিদর্শনের পর রাত আটটার দিকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা ‘পর্যটন সংবাদ’কে জানান, “উড়োজাহাজটির বড় কোনো ক্ষতি হয়নি। যাত্রীরাও সম্পূর্ণ নিরাপদ ছিলেন। তবে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, বিমানবন্দরের রানওয়ের সম্প্রসারণকাজ এখনও চলমান। উত্তর পাশের কিছু অংশে অবকাঠামোগত উন্নয়ন শেষ হয়নি। বিশেষ করে বৃষ্টির কারণে রাতের বেলায় কিছু উন্মুক্ত অংশ দিয়ে পশুপাখি প্রবেশের সম্ভাবনা থাকে। আলো কম থাকায় রানওয়েতে কুকুর চলাচল সহজে ধরা পড়ে না, যা নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।
বিশ্লেষকরা মনে করছেন, কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে রূপান্তরের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে নিরাপত্তা ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে। কারণ কক্সবাজার শুধু দেশের নয়, বিদেশি পর্যটকদের কাছেও অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য।
পর্যটনের গতি বাড়াতে হলে বিমান চলাচলের নিরাপত্তা ও নিরবিচার অপারেশন নিশ্চিত করা জরুরি বলেও মত দিয়েছেন সংশ্লিষ্টরা।



