ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের ঝড়ো ব্যাটিং: টি-টোয়েন্টিতে রেকর্ড ভাঙাগড়ার দিন

পর্যটন সংবাদ ডেস্ক: ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুক্রবার দেখা গেলো রানের আতিশয্য। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২ উইকেটে ৩০৪ রানের পাহাড় গড়লো ইংল্যান্ড। শুধু দলীয় রেকর্ডই নয়, এক ইনিংসে একাধিক ব্যক্তিগত মাইলফলকও ছুঁয়ে ফেললেন ফিল সল্ট।

টি-টোয়েন্টি ইতিহাসে ৩০০ রানের গণ্ডি পেরোনো মাত্র তৃতীয় দল এখন ইংল্যান্ড। তাদের আগে জিম্বাবুয়ে (৩৪৪) আর নেপাল (৩১৪) এই কীর্তি গড়েছিল। এবার ৩০৪ রান তুলে তালিকার তৃতীয় স্থানে নাম লিখলো ইংলিশরা।

ওপেনার ফিল সল্ট খেললেন ক্যারিয়ারের সেরা ইনিংস। মাত্র ৩৯ বলে সেঞ্চুরি ছুঁয়ে ভাঙলেন লিয়াম লিভিংস্টোনের দ্রুততম ইংলিশ সেঞ্চুরির রেকর্ড (৪২ বল)। শেষ পর্যন্ত ৬০ বলে অপরাজিত ১৪১ রান করেন তিনি, যেখানে ছিল ১৫টি চার আর ৮টি ছক্কা। এর মাধ্যমে তিনি নিজেরই করা ইংল্যান্ডের টি-টোয়েন্টি সর্বোচ্চ (১১৯ রান) ইনিংসকেও পেছনে ফেললেন।

সল্টকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক জস বাটলার। পাওয়ার প্লের ছয় ওভারে দুই ওপেনার তুলে ফেলেন ১০০ রান, যা ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ। ৩০ বলে ৮৩ রান করে ফেরেন বাটলার, তার ইনিংসে ছিল ৮ চার আর ৭ ছক্কা। এছাড়া জ্যাকব বেথেল করেন ১৪ বলে ২৬ এবং হ্যারি ব্রুক অপরাজিত থাকেন ২১ বলে ৪১ রানে।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে ৩০৪ রানের বিশাল সংগ্রহ গড়ে ইংল্যান্ড। ম্যাচজুড়ে দর্শকদের উপহার দেন টানা ছক্কা-চারের বন্যা আর একের পর এক রেকর্ড ভাঙার মুহূর্ত।

Read Previous

চুয়াডাঙ্গায় কওমি মাদরাসার দুই শিক্ষার্থীকে পিটিয়ে জখম, শিক্ষক গ্রেপ্তার

Read Next

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে বিক্ষোভ, গাড়িতে ডিম নিক্ষেপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular