
পর্যটন সংবাদ ডেস্ক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর উত্তরা এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও সাধারণ জনতা। বুধবার (১৬ জুলাই) বিকেলে উত্তরা ৮ নম্বর সেক্টরের আজমপুর ও হাউজ বিল্ডিং মোড়ে শতাধিক বিক্ষোভকারী এই কর্মসূচিতে অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলবেলা হঠাৎ করে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সড়কে জড়ো হয়ে বসে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে তারা সড়ক অবরোধ করে রাখেন। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ভোগান্তিতে পড়েন স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও পথচারীরা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও শান্তিপূর্ণ সমাবেশে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।
বিক্ষোভে অংশ নেওয়া উত্তরার বাসিন্দা মাহিম ইসলাম বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার অধিকার আমাদের সবার আছে। কিন্তু গোপালগঞ্জে যা ঘটেছে, তা ছিল এক ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস। আমরা তার প্রতিবাদে রাস্তায় নেমেছি।”
আরেক বিক্ষোভকারী রবিউল ইসলাম বলেন, “আমরা দেখেছি কীভাবে সাউন্ড সিস্টেম, চেয়ার ও স্টেজ ভাঙচুর করা হয়েছে। এরপর গাড়িবহরেও হামলা চালানো হয়েছে। এটা বর্বরতা। আমরা এর বিচার চাই।”
বিক্ষোভ শেষে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরা এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।



