ঈদের ছুটিতে সাদা পাথরে পর্যটকদের উপচে পড়া ভীর

ঈদুল আজহার এই বিশাল ছুটিকে ঘিরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিখ্যাত সাদা পাথরে ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। ঈদের প্রথম দিন থেকেই এই জনপ্রিয় পর্যটন স্পটে বাড়তে থাকে দর্শনার্থীদের আগমন।

সাদা পাথরের স্বচ্ছ জলধারা, পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ও খোলামেলা পরিবেশ আকৃষ্ট করছে দেশি-বিদেশি পর্যটকদের। পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন প্রকৃতির এই অপার রূপ উপভোগ করতে। পর্যটকদের নিরাপত্তা ও সুশৃঙ্খলভাবে চলাচলের জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

পর্যটক আনোয়ার বাহার বলেন, সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্যে মন ছুঁয়ে গেছে। ঈদের ছুটিতে এমন জায়গায় সময় কাটাতে পেরে খুব ভালো লাগছে।

স্থানীয় সাংবাদিক আব্দুল জলিল বলেন, আশা করছি এবারও পর্যটকদের ঢল নামবে। সাদা পাথর পর্যটকদের বরণ করতে প্রস্তুত।

পর্যটকদের বাড়তি চাপ সামাল দিতে অতিরিক্ত নৌযান ও গাইড সরবরাহ করা হয়েছে। তবে, অনেকেই পর্যাপ্ত অবকাঠামো ও পরিচ্ছন্নতা ব্যবস্থা উন্নয়নের দাবি জানিয়েছেন। প্রতি বছর ঈদ উপলক্ষে সাদা পাথরে বিপুলসংখ্যক পর্যটকের সমাগম ঘটে। এবারও এর ব্যতিক্রম হয়নি।

উল্লেখ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নিরাপত্তাজনিত কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর গত ৫ জুন বৃহস্পতিবার সাদা পাথর পর্যটন এলাকাটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার বলেন, পর্যটকদের নিরাপত্তায় প্রতিবারের মতো এবারও টুরিস্ট পুলিশের একটি টিম থাকবে এবং আনসার ও স্বেচ্ছাসেবী সদস্যরা থাকবেন।

Read Previous

পশু কোরবানি হচ্ছে ঈদের দ্বিতীয় দিনেও

Read Next

ভিসার অপব্যবহারে কড়া বার্তা দিল ঢাকাস্থ মার্কিন দূতাবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular