
পর্যটন সংবাদ ডেস্ক:প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার অন্যতম দর্শনীয় স্থান ‘আলুটিলা পর্যটন কেন্দ্র’ এখন ভ্রমণপিপাসুদের কাছে এক বিশেষ আকর্ষণের নাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬০০ ফুট উচ্চতায় অবস্থিত এই পর্যটন কেন্দ্রটি তার রহস্যময় গুহা, পাহাড়ি পরিবেশ ও আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত ঝুলন্ত সেতুর জন্য দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে।
আলুটিলার সবচেয়ে নতুন আকর্ষণ হলো ১৮৪ ফুট দীর্ঘ ঝুলন্ত ক্যাবল ব্রিজ। দুই পাহাড়ের মাঝে তৈরি এই লোহার সেতুটি নিচে কাচের বারান্দা দিয়ে সাজানো, যা দিয়ে তাকালেই চোখে পড়ে সবুজে মোড়া অপূর্ব পাহাড়ি দৃশ্য—মনে হবে যেন আকাশে ভাসছেন।
এছাড়া পর্যটকদের জন্য এখানে রয়েছে রোমান কোলোসিয়ামের আদলে তৈরি মঞ্চ, নন্দনকানন পার্ক এবং একটি ওয়াচ টাওয়ার। গুহার অভ্যন্তরে রোমাঞ্চকর অভিযানের পর পর্যবেক্ষণ টাওয়ারে দাঁড়িয়ে খাগড়াছড়ি শহরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা পর্যটকদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা এনে দেয়।
রহস্যে ঘেরা গুহা
আলুটিলা গুহা স্থানীয়ভাবে পরিচিত ‘মাতাই হাকড়’ বা ‘দেবতার গুহা’ নামে। প্রায় ৩৫০ ফুট দীর্ঘ এই প্রাকৃতিক গুহা সারাবছর অন্ধকারে ঢাকা থাকে। মশাল বা টর্চলাইট ছাড়া গুহায় প্রবেশ অসম্ভব। মাত্র ৪০ টাকার টিকিট কেটে গুহার এক প্রান্ত দিয়ে প্রবেশ করে অন্য প্রান্ত দিয়ে বের হতে সময় লাগে ১০ থেকে ১৫ মিনিট।
গুহা থেকে কিছুদূরেই অবস্থিত ‘রিসাং ঝর্ণা’ও আলুটিলা ভ্রমণের আরেকটি অনবদ্য অংশ, যা উপেক্ষা করার মতো নয়।
কিভাবে যাবেন
ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে চাইলে সায়েদাবাদ থেকে শান্তি, হানিফ, এস আলম, শ্যামলী, ইকোনো বা ঈগল পরিবহনের বাসে যাওয়া যায়। ভাড়া ৭০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত। চট্টগ্রাম থেকেও বিভিন্ন পরিবহনের বাসে খাগড়াছড়ি যাওয়া যায়।
খাগড়াছড়ি শহর থেকে আলুটিলা ৭ কিলোমিটার দূরে। সিএনজি, মোটরবাইক বা জনপ্রিয় চান্দের গাড়ি রিজার্ভ করে সহজেই পৌঁছানো যায়। যানবাহনের ভাড়াও বেশ সাশ্রয়ী।
কোথায় থাকবেন
খাগড়াছড়ি শহরে নানা রকমের আবাসিক হোটেল রয়েছে। ৫০০ টাকা থেকে ৪০০০ টাকার মধ্যে পাওয়া যাবে এক রাতের থাকার ব্যবস্থা। উল্লেখযোগ্য হোটেলগুলো হলো—পর্যটন মোটেল, হোটেল গাইরিং, অরণ্য বিলাস, গিরি থেবার ও ইকো ছড়ি ইন।
ভ্রমণ টিপস
- গুহায় প্রবেশের আগে টর্চ বা মশাল সঙ্গে রাখুন।
- পরিবেশ রক্ষায় শব্দদূষণ বা ময়লা ফেলা থেকে বিরত থাকুন।
- ট্রেকিং বা গুহা অভিযানের জন্য সঠিক গ্রিপযুক্ত জুতা ব্যবহার করুন।
প্রাকৃতিক রোমাঞ্চ ও নির্জন সৌন্দর্যের অসাধারণ মেলবন্ধন আলুটিলা পর্যটন কেন্দ্র। খাগড়াছড়ি ভ্রমণের পরিকল্পনা থাকলে এই স্থানটি যেন তালিকা থেকে বাদ না পড়ে।
ভ্রমণের আনন্দে হারিয়ে যান, কিন্তু প্রকৃতি যেন না হারায় নিজের রূপ—চলুন দায়িত্ব নিয়ে ঘুরি।



