
স্টাফ রিপোর্টার | পর্যটন সংবাদ: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া বন্ধ থাকবে।
আজ সোমবার এক রিটের শুনানি শেষে বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জানা গেছে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বৈধ কি না, তা নিয়ে প্রশ্ন তুলে বামজোট মনোনীত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদ আলম রিট করেন। শুনানিতে রিটকারীর আইনজীবী দাবি করেন, ফরহাদের ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদের ভোট হওয়ার কথা ছিল। তবে আদালতের আদেশে সেই তারিখ আর কার্যকর থাকছে না।
এবারের নির্বাচনে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ আলাদা প্যানেল দিয়েছে। বামপন্থী সংগঠনগুলো দুটি ভাগে লড়ছে। পূর্ণাঙ্গ ও আংশিক মিলে মোট প্রায় ১০টি প্যানেল নির্বাচনী মাঠে রয়েছে।



