পর্যটন সংবাদ ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে শুভ সূচনা করেছে বাংলাদেশ। শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে টাইগাররা।
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ১৬৯ রানের লক্ষ্য ছুড়ে দেয়। রান তাড়ায় নেমে ইনিংসের শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে ওপেনার সাইফ হাসান দারুণ ফিফটি তুলে দলকে ম্যাচে ফেরান। তার বিদায়ের পর দায়িত্ব নেন তাওহীদ হৃদয়। তিনিও অর্ধশতক হাঁকিয়ে জয়ের ভিত গড়ে দেন। শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট পড়লেও নাসুম আহমেদের শান্ত ব্যাটে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
এ জয় শুধু পয়েন্ট টেবিলেই নয়, আত্মবিশ্বাসের দিক থেকেও বড় প্রাপ্তি। কারণ গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের ওপর নির্ভর করেই সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। ভাগ্য যেন ঘুরে দাঁড়িয়েছে—যে দলের জয়ে ভর করে টিকে থাকা, সেই দলকেই হারিয়ে শুরু হলো সুপার ফোর যাত্রা।
টাইগারদের এমন শুরু নিঃসন্দেহে বাকি ম্যাচগুলোতে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। এখন দেখার বিষয়, এই ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালে পৌঁছাতে পারে কিনা বাংলাদেশ।



