
পর্যটন সংবাদ ডেস্ক: চলতি শিক্ষাবর্ষ (২০২৫–২৬) এর একাদশ শ্রেণির নিয়মিত ক্লাস আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে।
ভর্তি কার্যক্রমের শেষ দিন ছিল গতকাল রোববার। ওইদিন নির্বাচিত শিক্ষার্থীরা নিজ নিজ কলেজে গিয়ে ভর্তি ফি পরিশোধের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করেন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর ৪৫ কর্মদিবসের মধ্যে ভর্তি ও ক্লাস শুরুর পুরো কার্যক্রম শেষ করতে হবে। এবারও নির্ধারিত সময়ের মধ্যেই সেই প্রক্রিয়া শেষ হয়েছে।
তবে শিক্ষা বোর্ডের তথ্য বলছে, তৃতীয় ধাপ ও সর্বশেষ মাইগ্রেশন সম্পন্ন হওয়ার পরও ৫ হাজার ২৪০ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি। এদের মধ্যে ২৯৫ জন শিক্ষার্থী জিপিএ–৫ প্রাপ্ত।
ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক জানিয়েছেন, এ বছর পুরো ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে। শিক্ষার্থীরা ঘরে বসেই আবেদন থেকে শুরু করে ফলাফল জেনে ভর্তি নিশ্চিত করতে পেরেছেন।
এর আগে, গত ৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের ভর্তি ও চূড়ান্ত মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়। এরপর গতকাল ছিল ভর্তির শেষ দিন। এ বছরও শিক্ষার্থীদের জন্য অনলাইনে সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে আবেদন করার সুযোগ রাখা হয়েছিল। অঞ্চল ও কলেজভেদে ভর্তি ফি এক হাজার থেকে আট হাজার পাঁচ শ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী মোট আসনের ৯৩ শতাংশ উন্মুক্ত রাখা হয়েছিল। মুক্তিযোদ্ধা কোটাসহ বাকি সাত শতাংশ আসন সংরক্ষিত ছিল। সমান জিপিএ পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বর দেখে মেধাক্রম নির্ধারণ করা হয়েছে। আর নিজ কলেজ থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।



