১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাত দিন পর খুলল লামার সব রিসোর্ট ও পর্যটনকেন্দ্র

পর্যটন সংবাদ ডেস্ক: সাত দিনের বিরতির পর বান্দরবানের লামা উপজেলার সব রিসোর্ট ও পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ জুলাই) লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ জুলাই উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগ ও পাহাড়ধসের আশঙ্কায় লামার পর্যটনকেন্দ্র ও রিসোর্টগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকায় সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত মোতাবেক পর্যটনকেন্দ্রগুলো পুনরায় চালু করার অনুমতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন পর্যটন সংবাদকে বলেন, “পর্যটকদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। আবহাওয়ার সতর্কতার কারণে রিসোর্ট ও পর্যটনকেন্দ্রগুলো সাময়িক বন্ধ রাখা হয়েছিল। এখন পরিস্থিতি অনুকূলে থাকায় পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এদিকে আবহাওয়া অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল জানান, “বর্তমানে আবহাওয়া স্বাভাবিক রয়েছে। তবে আগামী ২০ জুলাই থেকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।”

প্রাকৃতিক পরিবেশ, পাহাড়ি সৌন্দর্য ও শান্তিপূর্ণ আবহাওয়া উপভোগে লামা হয়ে উঠেছে পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য। তবে চলমান মৌসুমি বৈরিতার কারণে পর্যটকদের প্রতি প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

পর্যটকদের জন্য পরামর্শ:
লামা ভ্রমণের পরিকল্পনা থাকলে আবহাওয়ার পূর্বাভাস ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করে যাত্রা করার অনুরোধ জানানো হয়েছে। নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে স্থানীয় গাইড ও রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখাও জরুরি।

Read Previous

বাংলাদেশিদের ‘উল্লেখযোগ্য পরিমাণে’ ভিসা দিচ্ছে ভারত: ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

Read Next

ইতিহাস, ঐতিহ্য ও রহস্যে মোড়া নাটোরের রানী ভবানীর রাজবাড়ি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular