
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত
পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশি নাগরিকদের ভ্রমণসহ বিভিন্ন প্রয়োজনীয়তার ভিত্তিতে এখন ‘উল্লেখযোগ্য পরিমাণে’ ভিসা প্রদান করছে ভারত— এমনটি জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা তো ভিসা দিচ্ছি। নানা কারণে ভিসা দেয়া হচ্ছে, উল্লেখযোগ্য পরিমাণে দেয়া হচ্ছে।”
তিনি জানান, ভিসা প্রদানের কারণগুলোর মধ্যে পর্যটন, চিকিৎসা সংক্রান্ত জরুরি প্রয়োজনে যাতায়াত এবং শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা অন্তর্ভুক্ত রয়েছে।
তবে সাম্প্রতিক মাসগুলোতে ঠিক কত সংখ্যক ভিসা বাংলাদেশিদের দেয়া হয়েছে— সে বিষয়ে নির্দিষ্ট তথ্য জানাতে পারেননি মুখপাত্র। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটা আমাকে জেনে বলতে হবে।”
উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্ট থেকে ভারতে ভ্রমণেচ্ছু বাংলাদেশিদের জন্য স্বাভাবিক ভিসা কার্যক্রমে বিভিন্ন সীমাবদ্ধতা দেখা দেয়, যা কার্যত ভিসা প্রক্রিয়া বন্ধের পর্যায়ে পৌঁছায়। এরপর থেকে এই সেবার স্বাভাবিকীকরণ নিয়ে উদ্বেগ ছিল সাধারণ মানুষের মধ্যে।
ভারতের পক্ষ থেকে এই ভিসা কার্যক্রম পুনরায় সক্রিয় হওয়া পর্যটন ও চিকিৎসা-ভিত্তিক যাতায়াতের জন্য আশাব্যঞ্জক বার্তা হিসেবে দেখা হচ্ছে।



