
পর্যটন সংবাদ ডেস্ক: অ্যাপল আগামী মঙ্গলবার উন্মোচন করতে যাচ্ছে নতুন আইফোন। প্রতিদ্বন্দ্বীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে অনেক এগিয়ে থাকলেও এবারের লঞ্চে বড় আকর্ষণ হতে পারে একেবারে নতুন মডেল ‘আইফোন এয়ার’।
‘আইফোন এয়ার’ হবে এখন পর্যন্ত তৈরি করা সবচেয়ে সরু আইফোন। নামটি নেওয়া হয়েছে অ্যাপলের জনপ্রিয় ম্যাকবুক এয়ার থেকে। দীর্ঘদিন ধরে আইফোনের ডিজাইনে বড় কোনো পরিবর্তন না আসায় নতুন এই ফর্ম ফ্যাক্টর ব্যবহারকারীদের আপগ্রেডে উৎসাহিত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই ফোন ভবিষ্যতের ভাঁজযোগ্য আইফোনের ভিত্তি তৈরি করতে পারে। তবে সেই ডিভাইস বাজারে আসতে আরও সময় লাগবে। অন্যদিকে স্যামসাং ইতোমধ্যেই সপ্তম প্রজন্মের ফোল্ডেবল ফোন এনেছে, গুগলও তাদের তৃতীয় প্রজন্মের ফোন বাজারে ছেড়েছে। যদিও ফোল্ডেবল ফোনের বাজার এখনো ২ শতাংশের নিচে সীমাবদ্ধ।
চীনা বাজারে টিকে থাকতে ফোল্ডেবল আইফোন অ্যাপলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ সে বাজারে ভাঁজযোগ্য ডিভাইস দ্রুত জনপ্রিয় হচ্ছে আর অ্যাপলের মার্কেট শেয়ার কমছে।
দাম নিয়ে এবারও কৌশলী হচ্ছে প্রতিষ্ঠানটি। সরাসরি দাম না বাড়িয়ে, বেশি স্টোরেজ ভ্যারিয়েন্টের মাধ্যমে উচ্চমূল্য নির্ধারণ করতে পারে অ্যাপল।
এআই-সংক্রান্ত দিক থেকে অ্যাপল কিছুটা পিছিয়ে পড়লেও সিরিকে নতুনভাবে সাজাতে গুগলের জেমিনি এআই ব্যবহারের বিষয়ে আলোচনা চলছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, আগামী এক বছরের মধ্যে যদি সিরি কার্যকরভাবে উন্নত না হয় এবং ফোল্ডেবল মডেল না আসে, তবে মার্কিন বাজারেও অ্যাপলের আধিপত্য টলে যেতে পারে।
তবে নতুন অ্যাপল সিলিকন চিপ সিরিকে শক্তিশালী প্রসেসিং ক্ষমতা দিতে পারবে বলে আশা করা হচ্ছে, যা ভবিষ্যতে ব্যবহারকারীর জন্য আরও স্বয়ংক্রিয় কাজ সম্পাদন সম্ভব করবে।



