
নিজস্ব প্রতিবেদক | পর্যটন সংবাদ:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ সময় নগরবাসী পাবে সব ধরনের নাগরিক সেবা। নগর ভবনের পাশাপাশি সংস্থাটির আওতাধীন সব আঞ্চলিক কার্যালয় এবং অন্যান্য দপ্তর খোলা থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএসসিসি।
মঙ্গলবার (২৪ জুন) রাতে সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নাগরিকদের ভোগান্তি কমাতে এবং সেবা কার্যক্রম সচল রাখতে ব্যতিক্রমী এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল (সোমবার) থেকে পুনরায় খুলেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের প্রধান ফটক এবং চালু হয়েছে সেবা কার্যক্রম।
উল্লেখ্য, গত ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত ডিএসসিসির নগর ভবন থেকে সব ধরনের সেবা বন্ধ ছিল। ইশরাক হোসেন অনুসারী কিছু কর্মচারীর আন্দোলনের কারণে সেসময় নগর ভবনের মূল ফটক ও বিভিন্ন বিভাগে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
ঈদের বিরতির পর ১৫ জুন থেকে তারা আবারো নগর ভবনে অবস্থান কর্মসূচি শুরু করলে প্রধান ফটকসহ বেশ কয়েকটি বিভাগে আবারো তালা দেওয়া হয়। দীর্ঘ আলোচনার পর গতকাল খুলে দেওয়া হয়েছে সব ফটক ও বিভাগ, ফলে নাগরিক সেবা আবার স্বাভাবিক হয়েছে।
ডিএসসিসি কর্তৃপক্ষ আশাবাদী, এখন থেকে নাগরিক সেবার ধারাবাহিকতা বজায় থাকবে এবং সবার অংশগ্রহণে নগর ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও কার্যকর হবে।



