
পর্যটন সংবাদ ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইরানের তিপারমাণবিকনটি পারমাণবি স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর। রোববার (২২ জুন) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বয়ং এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং একে ‘অত্যন্ত সফল অভিযান’ হিসেবে উল্লেখ করেছেন।
ট্রাম্প জানিয়েছেন, ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান স্থাপনাগুলোতে এই বিমান হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় তিনি লিখেন, “আমরা ফোর্দোতে মূল লক্ষ্যবস্তুতে সম্পূর্ণ পরিমাণ বোমা ফেলে সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন নিরাপদে দেশে ফেরার পথে। আমাদের মহান আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন!”
তিনি আরও বলেন, এই অভিযান শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই পদক্ষেপের প্রতিক্রিয়া যে কী হবে, তা নিয়ে ব্যাপক জল্পনা চলছে।
আঞ্চলিক নিরাপত্তা ও পর্যটন খাতে প্রভাব
এই হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান-যুক্তরাষ্ট্রের এ ধরনের সামরিক উত্তেজনা শুধুমাত্র কূটনৈতিক সম্পর্ককেই নয়, বরং অঞ্চলটির পর্যটন খাতকেও বড় ধরনের ধাক্কা দিতে পারে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ হামলার প্রতিক্রিয়ায় বলেন, “যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে সক্রিয়ভাবে যুদ্ধে জড়ায়, তবে তা সবার জন্য অত্যন্ত বিপজ্জনক হবে।” ইস্তাম্বুলে ইউরোপীয় কূটনৈতিকদের সঙ্গে বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই সতর্কবার্তা দেন।
এর আগেও ১৮ জুন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেন, “ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে আমেরিকা অপূরণীয় ক্ষতির মুখে পড়বে।”
পর্যবেক্ষকরা বলছেন, এই উত্তেজনাকর পরিস্থিতি মধ্যপ্রাচ্যের পর্যটনশিল্প, বিশেষ করে ইরান ও আশপাশের দেশগুলোর পর্যটন প্রবাহে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পর্যটকদের নিরাপত্তা নিয়ে বাড়তি উদ্বেগের পাশাপাশি বিমানের রুট ও আন্তর্জাতিক ফ্লাইটেও পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পর্যটকদের নিরাপত্তা, আন্তর্জাতিক ভ্রমণ বিধিনিষেধ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বৈশ্বিক পর্যটন শিল্প এখন গভীর উদ্বেগে রয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে দীর্ঘ মেয়াদে এই অঞ্চলের পর্যটন সম্ভাবনা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে।



