১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল চুরির হিড়িক জেমসের কনসার্টে

টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলা উপলক্ষে আয়োজিত ট্রফি উন্মোচন অনুষ্ঠানে জেমসের কনসার্টে হিড়িক পড়ে যায় মোবাইল চুরির। এসময় চুরি থেকে রেহাই পাননি গণমাধ্যম কর্মীরাও।

মঙ্গলবার (১৩ মে) রাতে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে এমন ঘটনা ঘটে। এছাড়াও কয়েকজন নারীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া যায়।

মোবাইল চুরির ঘটনায় বুধবার (১৪ মে) সকালে কমপক্ষে ৮০ জন থানায় জিডি করেন।

এদিকে অনেক গণমাধ্যম কর্মী আয়োজক কমিটির বাধার কারণে স্টেডিয়ামে প্রবেশ করতে পারেননি।

জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। এই চ্যাম্পিয়নশিপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার সন্ধ্যায় এর ট্রফি উন্মোচন হয়। উদ্বোধন করেন সুলতান সালাউদ্দিন টুকু। এসময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ বিএনপির ও আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেমসের কনসার্টে উপলক্ষে বিকেল থেকেই ঢল নামে টাঙ্গাইল স্টেডিয়ামে। পরে রাত ৯টার দিকে জেমস মঞ্চে ওঠেন। বিভিন্ন গান পরিবেশন করে তিনি দর্শকদের মাতোয়ারা করেন। এসময় স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। তবে কনসার্টের এক পর্যায়ে কয়েকশ মোবাইল চুরি হয় ৷

অপরদিকে কয়েকজন নারীকে শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ফেসবুকে অনেকেই পোস্ট করছেন। এ নিয়ে জেলায় ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

জেমসের ভক্তরা বলেন, আয়োজক কমিটি যথাযথ দায়িত্ব পালন করেনি। বিশেষ করে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কারণে হিমশিম খেতে হয়েছে। এর ফলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি৷ এতে সাধারণ অনেক দর্শনার্থীই ঠিকমতো কনসার্ট উপভোগ করতে পারেননি।

সাংবাদিক নাঈম খান রাব্বি বলেন, পেশাগত কাজের জন্য গিয়েছিলাম। কিন্তু জেমসের কনসার্টে আমার মোবাইল ফোন চুরি হয়েছে। এছাড়া আমার ভাগনেরও ফোন হারিয়েছে।

আনোয়ার মাসুম নামের একজন ভক্ত জানায়, স্টেডিয়ামে জেমসে কনসার্টে যাচ্ছিলাম। স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করার সময় কয়েকজন ইচ্ছে করেই ধাক্কাধাক্কি আর ঠেলাঠেলি শুরু করে। ভিড়ের মধ্যেই একজন পকেটে হাত দিয়ে মোবাইল ফোনটি নিয়ে যায়। আমি পরবর্তীতে থানায় গিয়ে জিডি করি। কিন্তু চমক হলো থানায় গিয়ে দেখি অনেককেই রাতে মোবাইল হারানোর জিডি করতে এসেছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল কনসার্টে। মোবাইল চুরির ঘটনায় দুপুর পর্যন্ত ৮০ জন ডিডি করেছেন।

Read Previous

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অফিসের

Read Next

মালয়েশিয়া স্টুডেন্ট ভিসায় গিয়ে ট্যাক্সি চালানোয় বাংলাদেশি আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular