মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে গাজা দখল পরিকল্পনা রুখতে আহ্বান তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক ● পর্যটন সংবাদ: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, বিশ্বের মুসলিম দেশগুলোকে একজোট হয়ে ইসরায়েলের গাজা নগরী দখল পরিকল্পনার বিরুদ্ধে বৈশ্বিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শনিবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠকের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

এর আগে শুক্রবার, তুরস্ক ও মিসর উভয়ই ইসরায়েলের গাজা দখল পরিকল্পনার নিন্দা জানায়। আঙ্কারা একে ‘গণহত্যামূলক ও সম্প্রসারণবাদী নীতির’ নতুন ধাপ বলে উল্লেখ করে এবং বৈশ্বিকভাবে তা ঠেকানোর আহ্বান জানায়।

ফিদান বলেন, “ফিলিস্তিনিদের অভুক্ত রেখে জমি থেকে উচ্ছেদ এবং স্থায়ীভাবে গাজা দখল করাই ইসরায়েলের নীতি। ইসরায়েলকে সমর্থন করার মতো কোনও গ্রহণযোগ্য অজুহাত নেই।” তিনি জানান, এ বিষয়ে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি বলেন, গাজায় যা ঘটছে তা শুধু ফিলিস্তিনের জন্য নয়, বরং গোটা অঞ্চলের জন্য এক বিপজ্জনক পরিস্থিতি। তিনি জানান, গাজা ইস্যুতে মিসর ও তুরস্কের পূর্ণ সমন্বয় রয়েছে এবং শনিবার ওআইসির মন্ত্রিপরিষদ কমিটির বিবৃতিতেও ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জানানো হয়েছে।

ওআইসি বলেছে, ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, অবৈধ দখলকে স্থায়ী করার চেষ্টা এবং শান্তির সুযোগ নষ্ট করবে। সংস্থাটি বিশ্বশক্তি ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে গাজা সংকটে আইনি ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে।

সূত্র : রয়টার্স

Read Previous

মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল

Read Next

আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular