
পর্যটন সংবাদ ডেস্ক: মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ গন্তব্যের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন। ফলে ঢাকা থেকে এসব দেশের উদ্দেশ্যে পরিচালিত সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে, যা পর্যটনসহ আন্তর্জাতিক ভ্রমণ কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলছে।
সোমবার (২৩ জুন) মধ্যরাতে চার দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ ঘোষণায় জানায়, মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর সম্ভাব্য হামলার আশঙ্কায় নাগরিক ও পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগমন ও বহির্গমন—দুই ধরনের ফ্লাইটই স্থগিত থাকবে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও এক বিবৃতিতে ঢাকা থেকে এসব গন্তব্যে পরিচালিত ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ফ্লাইদুবাই, কুয়েত এয়ারওয়েজ ও গালফ এয়ারের ফ্লাইট।
বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে নির্ধারিত যাত্রার আগেই সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে। পরিস্থিতি স্বাভাবিক হলে বা নতুন নির্দেশনা পাওয়া গেলে যাত্রীদের তা জানানো হবে বলে আশ্বস্ত করেছে তারা।
প্রসঙ্গত, সোমবার রাতে কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরান হামলা চালানোর পরপরই নিরাপত্তা উদ্বেগের কারণে এই দেশগুলো তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়।
এই নিষেধাজ্ঞার কারণে শুধু পর্যটন খাতই নয়, প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত এবং ব্যবসায়িক ভ্রমণ কার্যক্রমেও বিরূপ প্রভাব পড়ছে।



