ভিকারুননিসায় হিজাব ইস্যু: ২২ শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করার অভিযোগে শিক্ষিকা সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার │ পর্যটন সংবাদ: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে হিজাব ইস্যুতে এক শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বসুন্ধরা প্রভাতি শাখার ষষ্ঠ শ্রেণির একটি শ্রেণিকক্ষে ২২ জন শিক্ষার্থীকে হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে সহকারী শিক্ষক ফজিলাতুন নাহারের বিরুদ্ধে। এ ঘটনায় এডহক কমিটির সিদ্ধান্তে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে আগামী সাত কর্মদিবসের মধ্যে কেন স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হবে না, সে বিষয়ে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে গত ২৪ আগস্ট। জানা যায়, ওই দিন ষষ্ঠ শ্রেণির ২০-২২ জন শিক্ষার্থী হিজাব পরে ক্লাসে আসে। দিনের অন্য কোনো শিক্ষক তাদের পোশাক নিয়ে আপত্তি না করলেও শেষ পিরিয়ডের ইংরেজি শিক্ষিকা ফজিলাতুন নাহার শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে বের করে দেন। এ সময় তাদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগও উঠেছে।

এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় আসে।

Read Previous

ট্রাম্প-কিম বৈঠক নিয়ে আগ্রহ, যুক্তরাষ্ট্র সফরে ব্যস্ত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি

Read Next

শাহবাগে বুয়েট শিক্ষার্থীদের অবরোধ: তিন দফা দাবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular