
পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর শাহবাগ মোড়ে তিন দফা দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে মিছিল নিয়ে তারা শাহবাগে অবস্থান নিলে এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানান, ‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচির অংশ হিসেবেই এই অবরোধ আয়োজন করা হয়েছে। এ সময় তারা স্লোগান দেন— “চাকরি চাকরি পরে কর, ইঞ্জিনিয়ার বানান কর”, “কোটা না মেধা, মেধা মেধা” এবং “শাহবাগ ব্লকেড”।
আন্দোলনকারীদের অভিযোগ, সোমবার (২৫ আগস্ট) নেসকো কার্যালয়ে বুয়েটের ইইই বিভাগের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে ডেকে নিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। এর প্রতিবাদ ও ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শিক্ষার্থীদের তিন দাবি হলো:
১. ইঞ্জিনিয়ারিংয়ের ৯ম গ্রেড (সহকারী প্রকৌশলী বা সমমান) পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ও ন্যূনতম বিএসসি ডিগ্রিধারীদের সুযোগ দিতে হবে। কোটার মাধ্যমে বা সমমানের নতুন পদ সৃষ্টি করে কাউকে পদোন্নতি দেওয়া যাবে না।
২. টেকনিক্যাল ১০ম গ্রেড (উপ-সহকারী প্রকৌশলী বা সমমান) পদে নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত রাখতে হবে।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবে না। নন-অ্যাক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে দ্রুত আইইবি-বিএইটিইর আওতায় আনতে হবে।
এর আগে, একই দাবিতে প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে বুয়েটসহ দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করেছিলেন।



