
নিজস্ব প্রতিবেদক, পর্যটন সংবাদ: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সরকারি আদেশে (জিও) সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পাসপোর্ট নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করার অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে একটি নির্দেশনামূলক চিঠি পাঠানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-২ থেকে জারি করা চিঠিতে বলা হয়েছে,
“বিভিন্ন সময় কর্মকর্তা/কর্মচারীদের বিদেশ ভ্রমণের জন্য সরকারি আদেশ জারি করা হলেও সেখানে সংশ্লিষ্টদের পাসপোর্ট নম্বর উল্লেখ করা হয় না। এতে করে তারা কোন পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণে যাচ্ছেন, তা সুনির্দিষ্টভাবে নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।”
চিঠিতে আরও বলা হয়েছে, সরকারি আদেশে পাসপোর্ট নম্বর অন্তর্ভুক্ত করলে প্রশাসনিক পর্যায়ে ভ্রমণ যাচাই ও ট্র্যাকিং সহজ হবে। পাশাপাশি কর্মকর্তাদের বিদেশ সফরের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই নির্দেশনা কার্যকর হলে বিদেশ সফর সংক্রান্ত নথিপত্রে একরূপতা আসবে এবং প্রশাসনিক জটিলতা হ্রাস পাবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেক পর্যবেক্ষক, যারা মনে করছেন এটি এক ধরনের দায়িত্বশীল ও সুশাসনমূলক পদক্ষেপ, যা সরকারি পর্যটন ও বিদেশ সফর ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা আনবে।



