
পর্যটন সংবাদ ডেস্ক: ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.) ও সাহাবি হযরত আমির মুয়াবিয়া (রা.) সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক মন্তব্যের অভিযোগে মৌলভীবাজারে উমায়রা ইসলাম নামে এক নারী আইনজীবীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৌলভীবাজার শহরের ক্লাব রোড এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, “ফেসবুকে নবীজির সাহাবিদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ওই নারী আইনজীবীকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত উমায়রা ইসলাম দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম, আলেম-উলামা ও সাহাবায়ে কেরামকে নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করে আসছিলেন। সর্বশেষ শনিবার একটি কুরুচিপূর্ণ পোস্ট দিয়ে তিনি ধর্মপ্রাণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেন, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।
ঘটনার পর মৌলভীবাজারের ধর্মপ্রাণ মুসলমান, আলেম-ওলামা, সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদ ও বিভিন্ন ইসলামী সংগঠন দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। থানার সামনে জড়ো হন অনেক মুসল্লি ও সাধারণ মানুষ। তারা অভিযুক্ত নারীকে গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত উমায়রা ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো মামলা দায়ের হয়নি এবং তাকে এখনও গ্রেপ্তার দেখানো হয়নি।
সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই তার কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে তাকে ক্ষমতাসীন দলের একাধিক নেতার সঙ্গে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়েও স্থানীয় মহলে আলোচনা সৃষ্টি হয়েছে।
ঘটনার পর মৌলভীবাজারে ধর্মীয় সহনশীলতা বজায় রাখতে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থান নিয়েছে বলে জানা গেছে।



