২০/০৪/২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনের নির্দেশে হল ছাড়ছে বাকৃবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক। পর্যটন সংবাদ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে শিক্ষার্থীরা হল ত্যাগ করছেন। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ ও পশু পালন অনুষদের শিক্ষার্থীরা প্রায় এক মাস ধরে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন করে আসছিলেন। তবে রোববার (৩১ আগস্ট) একাডেমিক কাউন্সিলের বৈঠকেও বিষয়টির সমাধান না হওয়ায় দুপুরে শিক্ষার্থীরা ভিসিসহ প্রায় দুইশ’ শিক্ষক কর্মকর্তাকে মিলনায়তনে আটকে রাখেন। পরে বিকালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সন্ধ্যার পর ভিসির বাসভবনের পাশে ২৫০-৩০০ জন বহিরাগত দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে সাংবাদিক শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হন। এ সুযোগে অবরুদ্ধ শিক্ষকরা মুক্তি পান।

ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ায় রোববার রাত সাড়ে ৯টায় জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সোমবার সকাল ৯টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেয়।

সকাল সাড়ে ৭টার দিকে জুলাই ৩৬ হলের শিক্ষার্থী তাসফিয়া আফরিন বাড়ির পথে রওনা হন। তিনি বলেন, “আমাদের পরীক্ষা চলছিল। হঠাৎ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় পড়াশোনায় বড় ক্ষতি হবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল আলীম জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে বিশ্ববিদ্যালয় পুনরায় খোলা হবে। এর আগ পর্যন্ত ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

Read Previous

শ্রীলঙ্কার গাল ফোর্ট: ইতিহাস, স্থাপত্য ও সমুদ্রের এক অপরূপ মিলন

Read Next

খুলনায় সিনিয়র সাংবাদিক ওয়াহেদ-উজ-জামানের লাশ উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular