পূজায় ইলিশ চায় ভারত, বাংলাদেশে রপ্তানি নিয়ে ভাবনায় সরকার

পর্যটন সংবাদ ডেস্ক: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির আগ্রহ দেখিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের ‘ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’। এ বিষয়ে সংগঠনটি গত ২৯ জুলাই বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে জানানো হয়েছে, তারা আগামী সেপ্টেম্বর মাসে পূজার সময় ইলিশ আমদানি করতে চায়।

চিঠিটি ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং বিষয়টি বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। যদিও এখন পর্যন্ত সরকারিভাবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা তাদের চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন গত বছর দুর্গাপূজার সময় ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য। সেই সময় দেশের রাজনৈতিক অস্থিরতা ও ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন সত্ত্বেও রপ্তানি অনুমোদন দেওয়া হয়েছিল।

তবে ইলিশ রপ্তানি নিয়ে তখন দেশীয় বাজারে সমালোচনার সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, রপ্তানির কারণে দেশের বাজারে ইলিশের দাম বেড়ে যায় এবং সাধারণ ভোক্তারা সংকটে পড়েন। এছাড়া রপ্তানিমূল্য ছিল স্থানীয় বাজারমূল্যের তুলনায় কম, যা নিয়েও প্রশ্ন ওঠে।

বর্তমানে দেশেও ইলিশের দাম ঊর্ধ্বমুখী। ফলে এবার ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে সরকার দ্বিধায় রয়েছে।

অবশ্য, প্রতিবছর পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে বাংলাদেশি ইলিশের চাহিদা থাকে ব্যাপক। বাংলার সংস্কৃতি, আবেগ ও উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই রূপালি মাছের রপ্তানি দুই দেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্কেও এক বিশেষ ভূমিকা রাখে।

এখন দেখার বিষয়, অভ্যন্তরীণ বাজার ও রপ্তানি স্বার্থের ভারসাম্য রক্ষা করে বাংলাদেশ সরকার এবার কী সিদ্ধান্ত নেয়।

 

Read Previous

বাংলাদেশ পুলিশের ৭৬ কর্মকর্তার বদলি আদেশ

Read Next

ইউরোপের মাঝখানে এক রহস্যময় ক্ষুদ্র রাষ্ট্র: ‘ফ্রি রিপাবলিক অব ভারদিস’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular