
ফাইল ছবি
পর্যটন সংবাদ ডেস্ক: নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটিতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫ মিনিট ও ৫টা ৪৫ মিনিটে কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে দুটি নিয়মিত ফ্লাইট ছাড়বে।
নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যেসব যাত্রী ৯ ও ১০ সেপ্টেম্বরের ফ্লাইট মিস করেছেন, তারা আজ অতিরিক্ত ফ্লাইট বিজি৩৭৪-এর সুযোগ নিতে পারবেন।
বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে নেপালে শিক্ষাসফরে যাওয়া ডিফেন্স কলেজের ৫১ সদস্যের প্রতিনিধিদল অবস্থান করছেন। এছাড়া আন্তর্জাতিক সংস্থা ও এনজিওতে কর্মরত প্রায় ৫০ জন বাংলাদেশি এবং আনুমানিক ৪০০ জন পর্যটকও এখন দেশটিতে আছেন।
এর পাশাপাশি, বিকেলে বিশেষ এক ফ্লাইটে নেপাল থেকে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।



