
পর্যযত্ন সংবাদ ডেস্ক: অবৈধ সম্পদ অর্জন ও পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট আত্মসাতের অভিযোগে সাবেক আপিল বিভাগ বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রী কাশমিরি কামালসহ সাতজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
প্রথম মামলায় অভিযোগ আনা হয়েছে, বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে শামসুদ্দিন চৌধুরী মানিক অবৈধভাবে পাঁচ কোটি টাকারও বেশি সম্পদের মালিক হয়েছেন। এতে দুদক আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ গঠন করা হয়েছে।
অন্য মামলায় বলা হয়েছে, আসামিরা প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের একটি প্লট আত্মসাৎ করেছেন। এই মামলায় বিচারপতি মানিক ছাড়াও কাশমিরি কামাল, রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদা, এম জয়নাল আবেদীন ভুইয়া, রাজউক কর্মকর্তা আবু বক্কার সিকদার, এম মাহবুবুল আলম ও আব্দুল হাইকে আসামি করা হয়েছে।
দুদকের ভাষ্য, আসামিরা মিথ্যা হলফনামা ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে প্লট হস্তান্তরের অনুমতি নিয়ে প্রকল্পের লিজ শর্ত ভঙ্গ করেছেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের হয়েছে।



