নিন্মচাপের প্রভাবে উত্তাল নদী, ভোলার ১০টি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

পর্যটন সংবাদ ডেস্ক: উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভোলা নদীবন্দরের ট্রাফিক সহকারী কর্মকর্তা মো. মাহবুব হাসান।

তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে সোমবার (২৮ জুলাই) দুপুর ২টা ১৫ মিনিট থেকে লঞ্চ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ থাকা নৌরুটগুলোর মধ্যে রয়েছে—চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, মনপুরা-ঢাকা, তজুমদ্দিন-মনপুরা, দৌলতখান-আলেকজান্ডার, ইলিশা-লক্ষ্মীপুর (মজুচৌধুরী ঘাট)সহ মোট ১০টি রুট।

তবে এখনো স্বাভাবিক রয়েছে ইলিশা-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, লালমোহন-ঢাকা, ঘোষেরহাট-ঢাকা, খেয়াঘাট-ঢাকা এবং ভেদুরিয়া-বরিশাল রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে এবং এর প্রভাবে আগামী ২ আগস্ট পর্যন্ত বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে।

ভোলা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. কামরুল ইসলাম ‘পর্যটন সংবাদ’-কে বলেন, “উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের কারণে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।”

নৌরুটে যাতায়াতকারী পর্যটকদের জন্য এ পরিস্থিতিতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে প্রশাসন। সংকেতের মাত্রা বাড়লে আরও নৌরুটে লঞ্চ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

Read Previous

যুক্তরাষ্ট্র ভিসা: মেয়াদোত্তীর্ণে অবস্থান করলে আজীবন নিষেধাজ্ঞা, সতর্ক করল ঢাকার দূতাবাস

Read Next

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচিত যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাস বরখাস্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular