
পর্যটন সংবাদ ডেস্ক: যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের সতর্ক করে দিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস। দূতাবাসের এক সাম্প্রতিক ফেসবুক পোস্টে জানানো হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কেউ যদি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন, তাহলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর আজীবন নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। এমনকি ফৌজদারি মামলার মুখোমুখিও হতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি।
পোস্টে স্পষ্টভাবে বলা হয়েছে, কনস্যুলার অফিসারদের কাছে প্রতিটি আবেদনকারীর অভিবাসন-সংক্রান্ত পূর্ণ ইতিহাস থাকে এবং আগের কোনো ধরনের আইন লঙ্ঘনের তথ্য তারা যাচাই করতে সক্ষম। ‘ভুল করে’ বা ‘জানতে না পারার’ অজুহাত এখানে গ্রহণযোগ্য নয়। তাই যুক্তরাষ্ট্রে ভ্রমণ শেষে নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফেরার বিষয়টি প্রতিটি ভ্রমণকারীর দায়িত্ব বলে উল্লেখ করা হয়।
এর আগে ১০ জুলাই যুক্তরাষ্ট্র দূতাবাস আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়। তাতে বলা হয়, ডিএস-১৬০ ফর্ম পূরণের সময় আবেদনকারীদের গত পাঁচ বছরে ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডল উল্লেখ করা বাধ্যতামূলক। এই তথ্য গোপন করা হলে ভিসা প্রত্যাখ্যান এবং ভবিষ্যতে ভিসার অযোগ্যতা তৈরির আশঙ্কা রয়েছে।
ভবিষ্যৎ পর্যটকদের জন্য এসব বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভিসা আবেদন ও যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিয়ে ভুল বোঝাবুঝি এড়াতে সবাইকে দূতাবাসের নিয়মনীতি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তারা।
পর্যটকদের করণীয় সংক্ষেপে:
- ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ত্যাগ করুন
- ডিএস-১৬০ ফর্মে সঠিক ও পূর্ণ তথ্য দিন
- সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করবেন না
- নিয়ম ভঙ্গ করলে আজীবনের জন্য ভিসা হারাতে হতে পারে
সূত্র: ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ



