১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজায় ভারতকে রোমাঞ্চিত করবে বাংলাদেশের ইলিশ: ১২০০ মেট্রিক টন রপ্তানির সিদ্ধান্ত

পর্যটন সংবাদ ডেস্ক: চলতি বছরের দুর্গাপূজা উপলক্ষে ভারতকে বাংলাদেশের ইলিশে ভরিয়ে দিতে চলেছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালে মোট ১২০০ মেট্রিক টন ইলিশ শর্তসাপেক্ষে ভারতে রপ্তানি করা হবে।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুর্গাপূজা। উৎসবের আগে ভারতীয় ক্রেতাদের হাতে পৌঁছাবে বাংলাদেশের স্বাদে ভরা ইলিশ। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রপ্তানি করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ১১ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর ও ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র এবং মৎস্য অধিদপ্তরের লাইসেন্স। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫ মার্কিন ডলার।

প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গের ক্রেতারা বাংলাদেশের ইলিশের জন্য বহু বছর ধরে আগ্রহী। ২০১৯ সালে ইলিশ রপ্তানির প্রথম অনুমোদন দেওয়ার পর থেকে প্রতি বছর তা বেড়েই চলেছে। গত পাঁচ বছরের হিসাব অনুযায়ী, সরকার অনুমোদন দিলেও ভারতকে পাঠানো ইলিশের পরিমাণ উৎপাদনের খুব সামান্য অংশই মাত্র – মাত্র ০.২৯ শতাংশ।

বাণিজ্য মন্ত্রণালয় জানাচ্ছে, ২০২৩-২৪ অর্থবছরে ৮০২ টন ইলিশ রপ্তানি করে বাংলাদেশ ৮০ লাখ ডলার আয় করেছে। রপ্তানিকৃত ইলিশের প্রতি কেজির দাম ছিল ১০ ডলার বা ১ হাজার ৯৮ টাকা।

এবারের রপ্তানি উদ্যোগ ভারতীয় উৎসবমুখর দুর্গাপূজা উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আশা করা হচ্ছে।

Read Previous

নেপালের বিক্ষোভে ৯ জন নিহত, পর্যটকদের সতর্কতা জারি

Read Next

রাঙামাটিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular