
ফাইল ছবি
পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকাস্থ জার্মান দূতাবাস কর্মসংস্থান ভিসা, ভোকেশনাল ট্রেইনিং ভিসা ও অপরচুনিটি কার্ডের আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে। দূতাবাস জানায়, এসব ভিসার আবেদন শুধুমাত্র কনস্যুলার সার্ভিসেস পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে।
বুধবার এক বিজ্ঞপ্তিতে দূতাবাস আবেদনকারীদের বিস্তারিত তথ্য ও হালনাগাদ নির্দেশিকা জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট dhaka.diplo.de/bd-en ভিজিট করার পরামর্শ দেয়।
দূতাবাস বিশেষ করে আবেদনকারীদের সতর্ক করেছে যেন তারা ভিসার ক্ষেত্রে ‘বিশেষ অ্যাপয়েন্টমেন্ট’ চাওয়ার চেষ্টা না করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের অনুরোধ শুধু সময় ও সম্পদের অপচয় ঘটায়।
দূতাবাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভিসা প্রক্রিয়া সম্পূর্ণভাবে অফিসিয়াল ওয়েটিং লিস্ট অনুযায়ী চলবে এবং কোনো ব্যতিক্রমের সুযোগ নেই।
এ পদক্ষেপের উদ্দেশ্য হলো একটি স্বচ্ছ ও শৃঙ্খলাবদ্ধ প্রক্রিয়া বজায় রাখা, যাতে সব আবেদনকারীর জন্য সমান সুযোগ নিশ্চিত হয় এবং বাড়তে থাকা ভিসার চাহিদা কার্যকরভাবে মেটানো যায়।



