
পর্যটন সংবাদ ডেস্ক: জুলাই বিপ্লবে আহত অনেকেই চীনের উপহারের রোবোটিক হাত ও পা ব্যবহার করে নতুনভাবে হাঁটতে ও কাজ করতে পারছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, এ প্রযুক্তি আহতদের জীবনে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।
শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর বনানীর হোটেল সারিনায় অনুষ্ঠিত ‘নি হাও! চীন-বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “চীন শুধু উন্নয়ন সহযোগী নয়, দুর্যোগের মুহূর্তে বাংলাদেশের দীর্ঘস্থায়ী বিশ্বস্ত বন্ধু।”
তিনি জানান, চীনের সহায়তায় রংপুরে এক হাজার শয্যাবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসনের জন্য একটি বিশেষ কেন্দ্র স্থাপনে চীনের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে।
অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “আমরা বাংলাদেশে আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও টেকসই স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে চাই।” তিনি মাইলস্টোন দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক জানিয়ে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
প্রদর্শনীতে অংশ নেওয়া চীনের শীর্ষ ১০টিরও বেশি হাসপাতাল বাংলাদেশি রোগীদের অন-সাইট ও অনলাইন পরামর্শ, চিকিৎসা ভিসা, দ্রুত প্রসেসিং, অনুবাদ সহায়তা ও বিমানবন্দর থেকে পিকআপ সুবিধার ঘোষণা দিয়েছে।
দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনীতে স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসক, রোগী ও সাধারণ মানুষ অংশ নেন।



