
পর্যটন সংবাদ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দুই নেতাকে চাঁদাবাজির অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১০ আগস্ট) রাতে বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কৃতরা হলেন— শ্রমিক দলের নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং তরুণ দলের জেলা সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টি এইচ তোফা। তাদের প্রাথমিক সদস্যপদসহ সব স্তরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে গত ৭ আগস্ট রাতে সিদ্ধিরগঞ্জের একটি তেলের ডিপোতে চাঁদাবাজির অভিযোগে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ জানায়, দীর্ঘদিন নজরদারিতে রাখার পর সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। পরদিন বিকেলে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য তাদের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়। জেলা ম্যাজিস্ট্রেট ৩০ দিনের আটকাদেশ দিলে তাদের কারাগারে পাঠানো হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগের ভিত্তিতে এস এম আসলাম ও টি এইচ তোফাকে অবিলম্বে বহিষ্কার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম বলেন, “বিএনপি সবসময় চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে আসছে। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, এতে দলীয়ভাবে আমাদের সহযোগিতা থাকবে। তবে অভিযোগ আরও যাদের বিরুদ্ধে আছে, তাদেরও যেন আইনের আওতায় আনা হয়।”



